বগুড়ার ধুনটে মাদক কারবার নিয়ে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন দৈনিক নববাণীর ধুনট প্রতিনিধি শ্রী গোবিন্দ রায় (৩৬)। ঘটনার পর স্থানীয় সাংবাদিক ও সচেতন মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, ধুনট উপজেলার মালোপাড়া ও গুচ্ছগ্রাম এলাকায় চলমান মাদক ব্যবসা এবং মাদক সেবনের বিষয় তুলে ধরে গত ১৩ ও ১৪ মে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করেন গোবিন্দ রায়। এরপর থেকেই অভিযুক্ত হাওয়ার্ড রুবেল, মোন্তা ও তাদের সহযোগীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, ১৪ মে রাত সাড়ে আটটার দিকে অভিযুক্তরা সাংবাদিকের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখায় এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। এ সময় সাংবাদিকের স্ত্রী প্রতিবাদ জানালে পুরো পরিবারকে মারধর এবং হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে বাড়িতে ফেরার পথে ধুনটের ক্লিওপ্রেট্টা সিনেমা হলসংলগ্ন এলাকায় গোবিন্দ রায়ের ওপর হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা তাকে জোর করে একটি গলির ভেতরে নিয়ে গিয়ে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করে।

হামলার সময় নিজেকে রক্ষার চেষ্টা করলে তার বাম চোখের নিচে গুরুতর আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত হন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত সেখান থেকে সরে যায়।
পরে স্থানীয়রা আহত সাংবাদিককে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনাটি নিয়ে সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন, মাদকবিরোধী সংবাদ প্রকাশের কারণে একজন সাংবাদিকের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতা ও আইনের শাসনের জন্য উদ্বেগজনক বার্তা বহন করে। তারা দ্রুত জড়িতদের গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

