মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক মো. হাসিবুর রশীদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
আজ রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। এর আগে দুপুরে হাসিবুর রশীদকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
দীর্ঘদিন পলাতক ছিলেন সাবেক ভিসি:
জুলাই গণ–অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি। এই মামলার রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন। গতকাল শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।
ট্রাইব্যুনাল প্রাঙ্গণে ব্রিফিংয়ে প্রসিকিউটর ফারুক আহাম্মদ বলেন, দীর্ঘদিন পলাতক থাকা এই আসামিকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হয়। পরে ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর ফলে তিনি এখন থেকে তার সাজা ভোগ শুরু করবেন। তিনি আরও জানান, রায়ের অনুলিপি এখনো পাওয়া যায়নি। অনুলিপি হাতে পাওয়ার পর ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ থাকবে। তবে প্রসিকিউশনের প্রত্যাশা, উচ্চ আদালতে এই রায় বহাল থাকবে।
রায়ের পটভূমি:
গত ৯ এপ্রিল এই মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে মোট ৩০ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এর মধ্যে দুইজন সাবেক পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড এবং ২৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
তিনজন সাবেক পুলিশ সদস্যসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এই মামলায় সাবেক উপাচার্য হাসিবুর রশীদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল।

