দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল, আর বাকি পাঁচজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
নতুন এই মৃত্যুর ঘটনায় দেশে হাম ও উপসর্গজনিত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫৯ জনে। স্বাস্থ্য অধিদপ্তর রোববার সকালে এ তথ্য জানিয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৭৫ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৩৮৪ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে একজন শিশুর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে। অন্যদিকে উপসর্গ নিয়ে ঢাকায় তিনজন, সিলেটে একজন এবং ময়মনসিংহে একজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৪৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৭৬৭ জনে।
এছাড়া গত একদিনে আরও ১ হাজার ২৭৪ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে সন্দেহভাজন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৭ হাজার ৮৪৬।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কার্যক্রমে ঘাটতি, জনসচেতনতার অভাব এবং দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠছে। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণ বাড়তে থাকায় অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। চিকিৎসকেরা বলছেন, জ্বর, শরীরে লালচে দানা, চোখ লাল হওয়া ও কাশি—এ ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। একই সঙ্গে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার ওপরও জোর দিচ্ছেন তারা।

