দেশজুড়ে পথশিশুদের সুরক্ষা, তাদের মৌলিক অধিকার নিশ্চিত এবং পুনর্বাসনের ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নিতে রাষ্ট্রীয় ব্যর্থতাকে কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আজ (রোববার) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। মানবাধিকার সংগঠন ‘ইকুইটাস ফাউন্ডেশন’-এর দায়ের করা একটি জনস্বার্থমূলক রিট আবেদনের পর এই আদেশ আসে।
রুলে আদালত জানতে চেয়েছেন, পথশিশুদের সুরক্ষা, পুনর্বাসন ও কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন, নীতিমালা বা বিধিমালা প্রণয়নে কেন নির্দেশ দেওয়া হবে না। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি ব্যাখ্যা করারও নির্দেশ দেওয়া হয়েছে।
হাইকোর্ট আরও জানতে চেয়েছেন, দেশের পথশিশুদের প্রকৃত পরিস্থিতি নিরূপণে কেন দেশব্যাপী তদন্ত ও জরিপ পরিচালনার নির্দেশ দেওয়া হবে না। পাশাপাশি তাদের বিরুদ্ধে সব ধরনের হয়রানি, নির্যাতন, অবহেলা ও শোষণ বন্ধে কঠোর তদারকি, জবাবদিহি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না—তাও জানতে চাওয়া হয়েছে রুলে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. তানভীর আহমেদ, বিপ্লব কুমার পোদ্দার, ব্যারিস্টার নিশাদ মাহমুদ, নূর মোহাম্মদ শাহীন শাহনেওয়াজ এবং এস এম জাকির হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. শফিকুর রহমান।

