সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার দেখানো বা কোনো ধরনের হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি রাজিক–আল–জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এই আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে রুলও জারি করা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী, সাঈদ আহমেদ রাজা, মুস্তাফিজুর রহমান ও মোনাায়েম নবী শাহীন।
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত দুটি হত্যার ঘটনায় করা মামলায় গত ১২ মে বিচারপতি খায়রুল হক হাইকোর্ট থেকে জামিন পান। ওই আদেশের পর তার আইনজীবীরা জানান, সব মামলায় জামিন হওয়ায় তার কারামুক্তিতে আপাতত কোনো আইনি বাধা নেই। তবে রাষ্ট্রপক্ষ ওই আদেশ স্থগিত চেয়ে গত বুধবার আপিল বিভাগে আবেদন করে।
এর আগে জুলাই গণঅভ্যুত্থানের সময় যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি এবং দুর্নীতি দমন কমিশনের করা পাঁচটি মামলায় ২৮ এপ্রিল তার জামিন বহাল রাখে আপিল বিভাগ। এরপর আরও দুই মামলায় ১২ মে তিনি হাইকোর্ট থেকে জামিন পান। তার বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে। গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে এবিএম খায়রুল হককে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

