বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন স্থগিত বা এতে কোনো ধরনের হস্তক্ষেপ না করার কথা জানিয়েছে হাইকোর্ট। আদালত স্পষ্টভাবে বলেছেন, বিসিবি নির্বাচন তাদের বিচারিক হস্তক্ষেপের আওতায় পড়বে না।
আজ রোববার (১৭ মে) হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই মন্তব্য করেন। এর আগে আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবি নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা একটি রিট আবেদন শুনানির জন্য গ্রহণ করা হয়নি।
শুনানিতে রিট আবেদনের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মহসীন রশিদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মাহিন এম রহমান। নির্বাচন স্থগিত চেয়ে আবেদন করেন মোশাররফ হোসেন নামের এক ব্যক্তি। পরে ব্যারিস্টার মাহিন এম রহমান জানান, আদালত বলেছেন বিসিবি নির্বাচনের বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না।
এদিকে শনিবার (১৬ মে) তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির ১১ সদস্যের এডহক কমিটি বাতিলের দাবি জানিয়ে হাইকোর্টে আরেকটি রিট করা হয়। এই রিট আবেদন করেন সাবেক ক্রিকেটার ও বিসিবির সাবেক ও বর্তমান কর্মকর্তাসহ মোট ১২ জন। তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম হিসেবে রয়েছেন সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ এবং খালেদ মাসুদ পাইলট।

