আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন ঈদের দিন ছাড়া প্রতিদিন খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও সীমিত পরিসরে আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।
এনবিআর সূত্রে জানা গেছে, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদকালীন সময়ে ছুটির দিনগুলোতেও বাণিজ্য কার্যক্রম সচল রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট সব কাস্টমস কমিশনারকে নির্দেশনা পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ঈদের দিন ছাড়া প্রতিদিনই কাস্টম হাউস ও শুল্ক স্টেশনগুলো খোলা থাকবে এবং প্রয়োজনীয় আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনা করা যাবে। যদিও এসব দিনে কার্যক্রম সীমিত থাকবে বলে জানানো হয়েছে।
ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক প্রবাহ বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এনবিআর জানিয়েছে। একই সঙ্গে বিষয়টি বাংলাদেশ ব্যাংক, ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআইসহ বিভিন্ন বাণিজ্যিক সংগঠনকেও অবহিত করা হয়েছে।
শুল্ক কর্তৃপক্ষ জানায়, ঈদের সময় সাধারণত বন্দরে চাপ বাড়ে এবং পণ্য খালাসে জট তৈরি হয়। তাই ছুটির দিনেও সীমিত কার্যক্রম চালু রাখলে আমদানি-রপ্তানিতে গতি বজায় থাকবে।
এর আগেও ঈদুল ফিতরের সময় একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে তখন ছুটির দিনেও কার্যক্রম চললেও বাণিজ্যিক কার্যক্রম তুলনামূলকভাবে কম ছিল বলে জানা গেছে। এনবিআর বলছে, ব্যবসায়ীদের সুবিধা ও সরবরাহ ব্যবস্থার ধারাবাহিকতা বজায় রাখতে ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে।

