বাংলাদেশ থেকে ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং, এসি টেকনিশিয়ান এবং প্লাম্বিং—এই চার খাতে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে কাতার। একই সঙ্গে ঢাকায় কাতারের আরও কয়েকটি ভিসা সেন্টার স্থাপনের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ঢাকায় সফররত কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররি-এর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব তথ্য জানান। মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বৈঠকে চারটি কারিগরি খাত নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কাতার মূলত অদক্ষ কর্মীর পরিবর্তে দক্ষ কর্মী নিয়োগে বেশি গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশও এ অবস্থানকে উৎসাহিত করছে। তিনি বলেন, দেশের পক্ষ থেকে দক্ষ জনশক্তি তৈরি করে কাতারে পাঠানোর পরিকল্পনা রয়েছে।
বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক উপস্থিত ছিলেন। তিনি জানান, দুই দেশের মধ্যে যৌথ বৈঠকে মূল আলোচনায় ছিল কাতারে বাংলাদেশি কর্মী পাঠানোর সুযোগ বাড়ানো। তিনি আরও বলেন, কাতারে বর্তমানে ইমাম ও মুয়াজ্জিন হিসেবে বাংলাদেশিদের কর্মসংস্থান কিছুটা কমে গেছে। এই সংখ্যা বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে এবং কাতার এতে সম্মতি দিয়েছে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, চারটি নতুন খাতে বাংলাদেশিদের সুযোগ তৈরির বিষয়ে কাতারের দৃষ্টিভঙ্গি ইতিবাচক। ভবিষ্যতে আরও খাতে কর্মসংস্থানের সুযোগ বাড়তে পারে বলেও আশা প্রকাশ করা হয়েছে।
বর্তমানে বাংলাদেশে কাতারের একটি ভিসা সেন্টার রয়েছে। এ সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরে বাংলাদেশ পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। প্রতিমন্ত্রী জানান, একটিমাত্র ভিসা সেন্টার থাকায় আবেদনকারীদের ভোগান্তি বাড়ে এবং বারবার যাতায়াত করতে হয়। তাই আরও কয়েকটি ভিসা সেন্টার স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে বিস্তারিত আলোচনা হবে এবং কাতার সরকার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

