ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে বিশেষ বাস সার্ভিস চালুর ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। আগামী শুক্রবার সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে দেশের সাতটি বিভাগীয় শহরের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস ছেড়ে যাবে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারিক বিন আতিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ঈদের ভোগান্তি কমাতে এবং শিক্ষার্থীদের বাড়ি ফেরাকে সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকাশিত রুট পরিকল্পনা অনুযায়ী খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগের জন্য একটি করে বাস এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের জন্য দুটি করে বাস পরিচালনা করা হবে। সব মিলিয়ে সাত বিভাগে মোট ৯টি বাস চলাচল করবে।
খুলনাগামী ‘পদ্মা’ বাসটি পদ্মা সেতু হয়ে ফরিদপুর, মাগুরা ও যশোর অতিক্রম করে খুলনায় পৌঁছাবে। বরিশালগামী ‘তুরাগ’ বাস ভাঙ্গা, কাশিয়ানী, গোপালগঞ্জ ও পিরোজপুর হয়ে বরিশালে যাবে।
রংপুর বিভাগের জন্য দুটি বাস রাখা হয়েছে। ‘অনির্বাণ-২’ বাসটি গাজীপুর ও গাইবান্ধা হয়ে রংপুর যাবে। অন্যদিকে ‘ধূমকেতু’ বাসটি বগুড়া, গোবিন্দগঞ্জ, ঘোড়াঘাট, বিরামপুর, ফুলবাড়ী, দিনাজপুর ও সৈয়দপুর হয়ে রংপুর পৌঁছাবে।
রাজশাহীগামী ‘স্বপ্নচূড়া’ বাস ঢাকা, সিরাজগঞ্জ ও নাটোর অতিক্রম করে রাজশাহীতে যাবে।
চট্টগ্রাম বিভাগের জন্য ‘গোমতি’ বাস কুমিল্লা, হাজীগঞ্জ, রামগঞ্জ ও নোয়াখালী রুটে চলাচল করবে। অন্যদিকে ‘উল্কা-৪’ বাস কুমিল্লা ও ফেনী হয়ে চট্টগ্রামে পৌঁছাবে।
সিলেট বিভাগের ‘আড়িয়াল’ বাস নরসিংদী, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার হয়ে সিলেটে যাবে। ময়মনসিংহ বিভাগের ‘প্রজন্ম’ বাসটি গাজীপুর, ভালুকা, ত্রিশাল ও নান্দাইল হয়ে ময়মনসিংহে পৌঁছাবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বাসে ভ্রমণের সময় প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে এবং ওঠার সময় তা প্রদর্শন করতে হবে। পাশাপাশি যাত্রাপথে শৃঙ্খলা বজায় রাখা ও পরিবহন কর্মীদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়ি ফেরার চাপ বাড়লেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য স্বস্তি এনে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

