আসন্ন পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কাঁচা চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
আজ রোববার (২৪ মে) উপসচিব নাসরিন সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঈদুল আজহা–২০২৬ উপলক্ষে কাঁচা চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনার জন্য গত ১২ এপ্রিল ২০২৬ তারিখে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সিদ্ধান্ত হয়, কোরবানির পশুর চামড়া যথাযথভাবে ছাড়াতে হবে। কাঁচা চামড়ায় পর্যাপ্ত লবণ মেশাতে হবে। পাশাপাশি প্রাপ্ত কাঁচা চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয়ে একটি টেক্সট বার্তা দেশের সব টেলিভিশন চ্যানেলে প্রচার করা হবে।
এ ছাড়া কোরবানির চামড়া ব্যবস্থাপনা কার্যক্রম আরও কার্যকর করতে বাণিজ্য মন্ত্রণালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। এ বিষয়ে যোগাযোগের জন্য একটি নম্বরও দেওয়া হয়েছে।

