ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে রাজধানী ঢাকা অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে নগরীর কাঁচাবাজারগুলোতেও। সাধারণত ভোর থেকে সরগরম থাকা বাজারগুলোতে এখন নেই আগের সেই কোলাহল। ক্রেতা কমে যাওয়ায় অনেক দোকানই বন্ধ রয়েছে। কোথাও কোথাও পুরো বাজারই প্রায় জনশূন্য হয়ে পড়েছে।
শুক্রবার সকালে রাজধানীর শান্তিনগর, মালিবাগ ও খিলগাঁও এলাকার কয়েকটি কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। অন্যান্য শুক্রবারে যেখানে সকাল থেকেই মানুষের ভিড় থাকে, সেখানে এবার ছিল একেবারেই ভিন্ন দৃশ্য। বাজারজুড়ে ছিল নীরবতা, ফাঁকা রাস্তা আর বিক্রেতাদের অপেক্ষার দীর্ঘশ্বাস।
শান্তিনগর থেকে মালিবাগ মোড় পর্যন্ত সড়কের পাশে প্রতিদিনের মতো বসেছিল অস্থায়ী কাঁচাবাজার। সাধারণ দিনে ভোর থেকে শুরু হয় জমজমাট বেচাকেনা। কিন্তু শুক্রবার সকাল ৯টার দিকে গিয়ে দেখা যায়, পুরো এলাকায় হাতে গোনা কয়েকটি দোকান ছাড়া আর কিছুই খোলা নেই। ফল বিক্রেতাদের দু–একটি ভ্যান দেখা গেলেও ক্রেতার উপস্থিতি ছিল খুবই কম।
দীর্ঘদিন ধরে এই এলাকায় কলা বিক্রি করেন মহসীন। প্রতিদিন গভীর রাতে নরসিংদী থেকে কলা নিয়ে ঢাকায় আসেন তিনি। কিন্তু এবার তাঁর প্রত্যাশা পূরণ হয়নি। তিনি জানান, ঈদের ছুটিতে অধিকাংশ মানুষ গ্রামের বাড়িতে চলে যাওয়ায় বাজারে ক্রেতা নেই। ফলে বিক্রিও অনেক কমে গেছে।
একই অবস্থা আম বিক্রেতা মো. সুমনের। মাদারীপুরের টেকেরহাট থেকে ঢাকায় এসে আট বছর ধরে তিনি এই এলাকায় ব্যবসা করছেন। সকাল থেকে আম সাজিয়ে বসে থাকলেও আশানুরূপ বিক্রি হয়নি বলে জানান তিনি। তাঁর ভাষ্য, মানুষ ঢাকায় ফিরলে আবার বাজার জমে উঠবে।
খিলগাঁও রেলগেট এলাকার মাছের বাজারেও ছিল একই চিত্র। সাধারণত ভোরের আগেই যেখানে মাছ ব্যবসায়ী ও ক্রেতাদের ভিড় শুরু হয়, সেখানে শুক্রবার সকালে একটি দোকানও খোলা পাওয়া যায়নি। পুরো বাজার ফাঁকা পড়ে ছিল। বন্ধ দোকানগুলোর পাশে বসে পাহারা দিচ্ছিলেন বাজারের প্রহরী শিরিনা আক্তার।
তিনি জানান, এক দশকের বেশি সময় ধরে এই বাজারে পাহারার কাজ করছেন। ঈদের ছুটিতে ব্যবসায়ীরা বাড়ি চলে যাওয়ায় বাজার কার্যত বন্ধ হয়ে গেছে। তাই সকাল থেকে তাঁর কাজ এখন শুধু দোকানগুলো দেখাশোনা করা।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, প্রতি বছর ঈদের সময় রাজধানীর কাঁচাবাজারে এমন পরিস্থিতি তৈরি হয়। ঢাকার বড় অংশের মানুষ গ্রামে চলে যাওয়ায় নগরজীবনের ব্যস্ততা কমে আসে। এর সরাসরি প্রভাব পড়ে খুচরা ব্যবসা ও অস্থায়ী বাজারগুলোর ওপর। বিশেষ করে যেসব বিক্রেতা প্রতিদিন ভোরে পণ্য নিয়ে রাজধানীতে আসেন, তাঁদের আয়-রোজগার এই সময় উল্লেখযোগ্যভাবে কমে যায়। তবে বিক্রেতাদের আশা, ঈদের ছুটি শেষে মানুষ আবার ঢাকায় ফিরতে শুরু করলে বাজারেও পুরোনো প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।

