পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীতে কোরবানির পশুবর্জ্য দ্রুত অপসারণ কার্যক্রম সরেজমিনে দেখতে বিভিন্ন এলাকা পরিদর্শনে বের হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেলে রাজধানীর একাধিক সড়ক ঘুরে পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকার পরিস্থিতি দেখতে বের হন। মূলত কোরবানির বর্জ্য অপসারণের কাজ ঠিকভাবে হচ্ছে কি না এবং নগরবাসী কোনো ভোগান্তিতে পড়ছেন কি না, তা সরাসরি পর্যবেক্ষণ করতেই এই পরিদর্শন।
জানা গেছে, গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে যাত্রা শুরু করে তার গাড়ি গুলশান-১ নম্বর মোড় হয়ে হাতিরঝিল, রামপুরা সড়ক ও মালিবাগ এলাকায় যায়। এরপর তালতলা মার্কেট ও বাসাবো ঘুরে রাজধানীর দক্ষিণাংশের বিভিন্ন এলাকার পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন তিনি।
পরবর্তীতে কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইখাল, দয়াগঞ্জ ও নারিন্দাসহ পুরান ঢাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন করা হয়। এ সময় বিভিন্ন এলাকায় সড়কের পরিচ্ছন্নতা, বর্জ্য অপসারণের গতি এবং সিটি করপোরেশনের কার্যক্রম খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী।
সফরের অংশ হিসেবে গুলিস্তান, শাহবাগ, এলিফ্যান্ট রোড ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে নিউমার্কেট, সায়েন্স ল্যাবরেটরি, কলাবাগান ও মিরপুর রোডের পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন তিনি। পরে ধানমন্ডি, মানিক মিয়া এভিনিউ, পান্থপথ, ফার্মগেট, বিজয় সরণি ও মহাখালী সড়কেও যান।
উপ-প্রেস সচিব আরও জানান, রাজধানীর ব্যস্ত সড়কগুলো দিয়ে চলাচলের সময় প্রধানমন্ত্রী ট্রাফিক সিগন্যাল মেনে গাড়ি থামান এবং সাধারণ যানবাহনের সঙ্গে স্বাভাবিকভাবেই চলাচল করেন।
প্রতি বছর ঈদুল আজহার সময় রাজধানীতে বিপুল পরিমাণ পশুবর্জ্য তৈরি হয়। দ্রুত বর্জ্য অপসারণ না হলে দুর্গন্ধ, স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ দূষণের আশঙ্কা তৈরি হয়। এ কারণে এবারও সিটি করপোরেশনগুলোকে দ্রুত পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সরকারি সংশ্লিষ্টদের মতে, পরিচ্ছন্ন নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণকে গুরুত্ব দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শন সেই তদারকিরই অংশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

