দেশে জ্বালানি তেলের দাম আবারও সমন্বয় করেছে সরকার। নতুন ঘোষণায় ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হলেও পেট্রোল, অকটেন ও কেরোসিনের প্রতি লিটারে ৫ টাকা করে বৃদ্ধি করা হয়েছে।
আজ রোববার (৩১ মে) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে জানানো হয়, সংশোধিত মূল্য সোমবার (১ জুন) থেকে কার্যকর হবে।
নতুন নির্ধারিত দামে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অকটেন বিক্রি হবে ১৪৫ টাকায়, যা আগে ছিল ১৪০ টাকা। একইভাবে পেট্রোলের দাম ১৩৫ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা এবং কেরোসিনের দাম ১৩০ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে ডিজেলের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের মতোই প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা বহাল রাখা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে দেশের বাজারে নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১৯ এপ্রিল জ্বালানি তেলের দামে বড় ধরনের সমন্বয় আনা হয়। সে সময় প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা করা হয়েছিল। একই সঙ্গে অকটেনের দাম ১২০ টাকা থেকে ১৪০ টাকা, পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং কেরোসিনের দাম ১১২ টাকা থেকে ১৩০ টাকায় উন্নীত করা হয়।
নতুন সিদ্ধান্তের ফলে টানা দ্বিতীয় দফায় পেট্রোল, অকটেন ও কেরোসিনের মূল্য বৃদ্ধি পেল। তবে ডিজেলের দাম অপরিবর্তিত থাকায় পরিবহন ও কৃষিখাতে তাৎক্ষণিক কোনো মূল্য পরিবর্তনের প্রভাব তুলনামূলক কম থাকতে পারে।

