সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে চলতি মৌসুমে আরও দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এর ফলে এ বছর হজযাত্রার সময় মারা যাওয়া বাংলাদেশি হাজিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সর্বশেষ তথ্য অনুযায়ী, রোববার মারা যাওয়া দুই হাজি হলেন মো. আবদুল মজিদ ও মো. শাহজাহান আলী। তাঁদের মধ্যে আবদুল মজিদের বাড়ি নওগাঁ জেলায়। তিনি মদিনায় ইন্তেকাল করেন। অন্যদিকে ঢাকার খিলগাঁওয়ের বাসিন্দা শাহজাহান আলী মক্কায় মারা যান।
চলতি হজ মৌসুমে মৃত্যুবরণ করা ৪১ বাংলাদেশির মধ্যে ২৭ জন পুরুষ এবং ১৪ জন নারী। তাঁদের বেশির ভাগের মৃত্যু হয়েছে মক্কায়। পরিসংখ্যান অনুযায়ী, ৩০ জন মক্কায় এবং ১১ জন মদিনায় মারা গেছেন।
এদিকে হজের আনুষ্ঠানিকতা শেষ করে ধীরে ধীরে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। সর্বশেষ তথ্য অনুযায়ী, সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১১ হাজার ৬১৩ জন হাজি দেশে ফিরেছেন।
এ বছরের হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহনের প্রথম ফ্লাইট পরিচালিত হয় ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট যায় ২১ মে। হজ-পরবর্তী ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এ বছর বাংলাদেশ থেকে প্রায় ৭৮ হাজার ৫০০ মুসল্লি হজ পালনের জন্য সৌদি আরবে গেছেন। এর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে যান।
সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশ থেকে এবার ১৫ লাখেরও বেশি মুসল্লি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে দেশটিতে সমবেত হয়েছেন। হজ শেষে তাঁদের নিজ নিজ দেশে ফেরার কার্যক্রম এখন চলমান রয়েছে।

