ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন বিভিন্ন মার্কেটে দোকান বরাদ্দ, পরিচালনা এবং টেন্ডার কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সংস্থাটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
আজ সোমবার ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলামের স্বাক্ষরিত এক দপ্তর আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, গোলাম কিবরিয়া ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে অঞ্চল–৭ এবং নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে মার্কেট নির্মাণ সেলের দায়িত্বে ছিলেন। স্থানীয় সরকার বিভাগের একটি স্মারকের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে এসব অভিযোগ ওঠে।
অভিযোগে বলা হয়েছে, মার্কেটের দোকান বরাদ্দ ও পরিচালনা সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।
দপ্তর আদেশে আরও বলা হয়, পূর্ণাঙ্গ তদন্ত এবং বিভাগীয় কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাকে সব ধরনের দায়িত্ব থেকে বিরত রাখা প্রয়োজন মনে করা হয়েছে। সে কারণে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। বরখাস্তকালীন সময়ে গোলাম কিবরিয়াকে ডিএসসিসির সচিব দপ্তরে সংযুক্ত করা হয়েছে। এছাড়া আদেশের অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে বলেও জানানো হয়।

