চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় পরিদর্শনে গিয়ে সারা দেশে মাদক, জুয়া ও কিশোর অপরাধ দমনে বড় ধরনের আইন সংস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
গত রবিবার (৩১ মে) ওই এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, দেশে মাদক মামলার দীর্ঘসূত্রতা কমাতে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে। একই সঙ্গে মাদক নিয়ন্ত্রণ আইনকে আরও কঠোর ও যুগোপযোগী করতে প্রয়োজনীয় সংশোধন আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন আদালতে বহু মাদক মামলা বছরের পর বছর ধরে বিচারাধীন অবস্থায় রয়েছে। এতে বিচার ব্যবস্থায় চাপ তৈরি হচ্ছে। এই জট নিরসনে দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জুয়া নিয়ন্ত্রণ আইন প্রসঙ্গে তিনি জানান, বর্তমান আইন দিয়ে অনলাইনভিত্তিক আধুনিক ডিজিটাল জুয়া নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। আইন দুর্বল হওয়ায় অপরাধ চক্রকে পুরোপুরি দমন করা যাচ্ছে না। এ কারণে আগামী সংসদ অধিবেশনেই নতুন আইন প্রণয়ন বা বিদ্যমান আইনে বড় ধরনের সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।
কিশোর অপরাধ বা কিশোর গ্যাং নিয়েও উদ্বেগ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আইনের ফাঁকফোকর কাজে লাগিয়ে অনেক কিশোর সহজেই অপরাধে জড়িয়ে পড়ছে, পরে তারা ভয়ঙ্কর অপরাধীতে পরিণত হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় কিশোর অপরাধ সংক্রান্ত আইন সংস্কার করা হবে।
পরিদর্শনকালে জঙ্গল সলিমপুর বিষয়ে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “জঙ্গল সলিমপুর আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর এলাকা বা অভয়ারণ্য হিসেবে থাকবে না। এখানে সম্পূর্ণ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হবে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, আশপাশের বেতুয়া ও চা-বাগান এলাকায়ও সন্ত্রাসীদের আনাগোনার তথ্য সরকারের কাছে রয়েছে। এসব এলাকা থেকেও সন্ত্রাসীদের উচ্ছেদ করা হবে। সারা দেশে মাদক, সন্ত্রাস, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে সমন্বিত অভিযান চালানো হবে বলে তিনি জানান।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন, আইজিপি আলী হোসেন ফকিরসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

