বিদেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার (২ জুন) মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, মন্ত্রণালয়ের মনিটরিং ও এনফোর্সমেন্ট অনুবিভাগের অতিরিক্ত সচিব অথবা যুগ্মসচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এই সেল গঠন করা হয়েছে।
সেলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন কল্যাণ অধিশাখার যুগ্মসচিব, আইন শাখার উপসচিব, সেবা ও প্রটোকল শাখার উপসচিব এবং এনফোর্সমেন্ট–২ শাখার সিনিয়র সহকারী সচিব। এর মধ্যে এনফোর্সমেন্ট–২ শাখার সিনিয়র সহকারী সচিব সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। অফিস আদেশে বলা হয়েছে, ইমেইলের মাধ্যমে প্রাপ্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এই সেল।
এছাড়া, প্রাপ্ত আবেদন ও অভিযোগ এবং সেগুলোর বিষয়ে গৃহীত ব্যবস্থা দৈনিক বা সাপ্তাহিক ভিত্তিতে মন্ত্রী ও সচিবের কাছে উপস্থাপন করতে হবে।
প্রয়োজনে এই সেল অতিরিক্ত সদস্য কো–অপ্ট করতে পারবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে। উপসচিব ড. আনিছুর রহমান স্বাক্ষরিত এ অফিস আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে।

