Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুলাই 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নিঃসঙ্গতার মৃত্যু: কোন বাস্তবতায় হারাচ্ছে পারিবারিক বন্ধন ও দায়বোধ?
    বাংলাদেশ

    নিঃসঙ্গতার মৃত্যু: কোন বাস্তবতায় হারাচ্ছে পারিবারিক বন্ধন ও দায়বোধ?

    মনিরুজ্জামানজুন 5, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীর পল্লবী ও মুগদা এলাকায় মাত্র চার দিনের ব্যবধানে তিনজন মানুষের পচনধরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদের মধ্যে দুইজন নারী এবং একজন পুরুষ। কেউ পাওয়া গেছেন বিছানায়, কেউ ঘরের মেঝেতে, আবার কেউ ঝুলন্ত অবস্থায়। দীর্ঘ সময় পার হলেও তাদের খোঁজ নিতে কেউ আসেননি বলে জানিয়েছে পুলিশ।

    ঘটনাগুলো শুধু আলাদা আলাদা মৃত্যুর ঘটনা নয়। সমাজবিজ্ঞানী ও মানবাধিকারকর্মীরা মনে করছেন, এগুলো নগরজীবনের গভীর একাকিত্ব, পারিবারিক দূরত্ব এবং সামাজিক সম্পর্কের ভাঙনের একটি ভয়াবহ চিত্র। তাদের মতে, আধুনিক জীবনের ব্যস্ততা, আত্মকেন্দ্রিকতা এবং পারিবারিক বন্ধনের দুর্বলতা মানুষের জীবনে এমন এক নিঃসঙ্গতা তৈরি করছে, যেখানে মৃত্যুর পরও কেউ খোঁজ নেয় না।

    নিঃসঙ্গ জীবনের মর্মান্তিক পরিণতি:

    গত ২ জুন রাতে রাজধানীর উত্তর মুগদার আহমদবাগ এলাকার একটি বাসা থেকে তানভীর হোসেইন শুভ-এর মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, বাসার দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে। ততক্ষণে মরদেহে পচন ধরেছিল।

    তানভীর হোসেইন শুভর পারিবারিক বাসা ছিল সেগুনবাগিচায়। তবে তিনি দীর্ঘদিন ধরে মুগদার ওই ভাড়া বাসায় একাই থাকতেন। প্রায় ১৪ বছর আগে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে তিনি নিঃসঙ্গ জীবনযাপন করছিলেন। পুলিশের ধারণা, দীর্ঘদিনের মানসিক অবসাদ ও একাকিত্ব তাকে আত্মহত্যার দিকে ঠেলে দিতে পারে।

    এর আগে ৩১ মে রাতে রাজধানীর পল্লবীর একটি বহুতল ভবনের চতুর্থ তলার একটি কক্ষ থেকে উদ্ধার করা হয় নূরজাহান বেগম-এর গলিত মরদেহ। ঘটনাটি বেশি আলোচনায় আসে কারণ তার চার সন্তানই সমাজে প্রতিষ্ঠিত। বড় ছেলে একজন যুগ্ম সচিব, মেজ ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছোট ছেলে কানাডাপ্রবাসী এবং মেয়ে একটি স্কুলের শিক্ষক।

    তবে পরিবারে এত সদস্য থাকা সত্ত্বেও মৃত্যুর পর কয়েকদিন কেউ তার খোঁজ নেননি বলে জানা গেছে। পুলিশ জানায়, তিনি মেয়ের বাসার একটি কক্ষে একাই থাকতেন। দীর্ঘ সময় পর মরদেহ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি সামনে আসে। অন্যদিকে ৩ জুন রাতে পল্লবীর আরেকটি বাসা থেকে উদ্ধার করা হয় সেলিনা আফরোজ-এর পচনধরা মরদেহ।

    পুলিশের তথ্য অনুযায়ী, তার স্বামী ও তিন সন্তান কানাডায় বসবাস করেন। প্রায় ১২ বছর আগে তিনি দেশে ফিরে এসে পল্লবীর ওই বাসায় একা বসবাস শুরু করেন। এরপর থেকে তিনি দীর্ঘদিন একাই জীবনযাপন করছিলেন।

    ঢাকার এই তিনটি ঘটনার মধ্যে মিল একটাই—দীর্ঘ নিঃসঙ্গতা এবং সামাজিক বিচ্ছিন্নতা। বিশেষজ্ঞরা বলছেন, নগর জীবনের এই বাস্তবতা এখন আরও গভীরভাবে ভাবার সময় এসেছে, যেখানে মানুষ বেঁচে থেকেও অনেক সময় সম্পূর্ণ একা হয়ে পড়ছে।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক মনে করেন, রাজধানীতে সাম্প্রতিক সময়ে একাকী মৃত্যুর ঘটনাগুলো সমাজের গভীর সংকটের ইঙ্গিত দিচ্ছে।

    তার ভাষায়, “সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো— যে প্রবীণ নারী মারা গেলেন, তার সন্তানরা শুধু আর্থিকভাবে নয়, পেশাগতভাবেও প্রতিষ্ঠিত। কিন্তু মৃত্যুর পর কয়েকদিন কেটে গেলেও কেউ তার খোঁজ নেয়নি। এটি শুধু একটি পরিবারের ব্যর্থতা নয়, বরং সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের একটি ভয়াবহ উদাহরণ।” তিনি আরও বলেন, “অনেক সময় ধারণা করা হয় মূল্যবোধের সংকট কেবল সমাজের প্রান্তিক বা সুবিধাবঞ্চিত মানুষের মধ্যেই বেশি দেখা যায়। বাস্তবতা হলো, এই অবক্ষয় এখন সমাজের সব স্তরেই ছড়িয়ে পড়ছে।”

    ড. তৌহিদুল হকের মতে, পরিবার মানুষের জীবনের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ আশ্রয়। একজন মানুষ পরিবারে জন্ম নেয়, সেখানে বেড়ে ওঠে এবং জীবনের শেষ সময়েও পরিবারের সান্নিধ্য প্রত্যাশা করে। কিন্তু বর্তমান বাস্তবতায় সেই বন্ধন ক্রমেই দুর্বল হয়ে পড়ছে।

    তিনি বলেন, “বাবা-মায়ের ভরণপোষণ নিশ্চিত করতে রাষ্ট্রকে ২০১৩ সালে আইন প্রণয়ন করতে হয়েছে। অথচ এটি এমন একটি দায়িত্ব, যা স্বাভাবিকভাবেই সন্তানের নৈতিক কর্তব্য হিসেবে বিবেচিত হওয়ার কথা।”

    তার মতে, কর্মসংস্থানের বিস্তার, ভৌগোলিক দূরত্ব এবং মানুষের মানসিকতার পরিবর্তনের কারণে পরিবারভিত্তিক সহমর্মিতা কমে যাচ্ছে। ধীরে ধীরে সমাজ একটি ‘এজেন্সি-নির্ভর’ ব্যবস্থার দিকে এগোচ্ছে, যেখানে শিশুদের জন্য ডে-কেয়ার এবং প্রবীণদের জন্য বৃদ্ধাশ্রম এখন বাস্তব প্রয়োজন হয়ে উঠছে। তিনি সতর্ক করে বলেন, পরিবারভিত্তিক নিরাপদ সামাজিক পরিবেশ গড়ে না তুলতে পারলে ভবিষ্যতে এই সংকট আরও গভীর আকার ধারণ করবে।

    মিডিয়ার পর্দার আড়ালে আরও ভয়ংকর বাস্তবতা:

    মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেছেন, সংবাদমাধ্যমে যেসব নিঃসঙ্গ মৃত্যুর ঘটনা প্রকাশ পায়, বাস্তবে পরিস্থিতি তার চেয়েও বেশি ভয়াবহ। তার ভাষায়, “গণমাধ্যমে হয়তো ১০ থেকে ২০ শতাংশ ঘটনা সামনে আসে। বাকিগুলো নীরবেই থেকে যায়।”

    তিনি বলেন, মানুষের কর্মব্যস্ততা বাড়ার পাশাপাশি পরিবারিক বন্ধনও ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। একসময় যৌথ পরিবার ছিল সমাজের স্বাভাবিক কাঠামো। বর্তমানে তার জায়গা নিয়েছে একক পরিবার। এর ফলে আত্মীয়তার সম্পর্ক এবং পারস্পরিক খোঁজখবর রাখার সংস্কৃতি অনেকটাই কমে গেছে।

    ইজাজুল ইসলাম আরও বলেন, প্রযুক্তিনির্ভর জীবনধারা এই বিচ্ছিন্নতাকে আরও বাড়িয়ে দিচ্ছে। মানুষ এখন পরিবারকে সময় দেওয়ার বদলে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে বেশি সময় ব্যয় করছে। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থায় মানবিক ও নৈতিক মূল্যবোধ চর্চার ঘাটতিও রয়েছে বলে তিনি মনে করেন। তার মতে, সামাজিক ও পারিবারিক অবক্ষয় রোধে শুধু পরিবার নয়, রাষ্ট্র এবং স্থানীয় প্রশাসনকেও আরও সক্রিয় ভূমিকা নিতে হবে।

    সাফল্যের পেছনে ছুটতে গিয়ে হারিয়ে যাচ্ছে পারিবারিক দায়িত্ববোধ:

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফাতেমা রেজিনা ইকবাল মনে করেন, বর্তমান সমাজে মানুষ ক্যারিয়ার, পদোন্নতি এবং ব্যক্তিগত সাফল্যের দৌড়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ছেন যে পারিবারিক দায়বদ্ধতার বিষয়টি ক্রমেই গুরুত্ব হারাচ্ছে।

    তার ভাষায়, “একজন মানুষ আজ যেখানে পৌঁছেছেন, সেখানে পৌঁছানোর পেছনে তার মা-বাবার অবদান সবচেয়ে বেশি। কিন্তু সেই উপলব্ধি অনেক ক্ষেত্রেই হারিয়ে যাচ্ছে। করপোরেট সংস্কৃতি, প্রতিযোগিতামূলক জীবনযাপন এবং ব্যক্তিকেন্দ্রিক মানসিকতা মানুষকে ক্রমশ আত্মকেন্দ্রিক করে তুলছে।” তিনি বলেন, এ ধরনের ঘটনা প্রতিরোধে ২০১৩ সালের পিতামাতার ভরণপোষণ আইন কার্যকরভাবে বাস্তবায়নের পাশাপাশি পরিবার ও সমাজে সচেতনতা বাড়ানো জরুরি।

    তিন মৃত্যু ঘিরে ওঠা প্রশ্ন:

    মুগদার তানভীর হোসেইন শুভ, পল্লবীর নূরজাহান বেগম এবং সেলিনা আফরোজ— তিনজনের জীবনযাত্রা, বয়স এবং পারিবারিক প্রেক্ষাপট ছিল ভিন্ন। কিন্তু তাদের মৃত্যুর মধ্যে একটি ভয়াবহ মিল দেখা গেছে— তারা ছিলেন একা। মৃত্যুর পরও দীর্ঘ সময় ধরে কেউ তাদের খোঁজ নেয়নি।

    নগরজীবনের ব্যস্ততা, ভৌগোলিক দূরত্ব কিংবা ব্যক্তিগত স্বাধীনতার নানা ব্যাখ্যা থাকলেও এসব ঘটনাকে ঘিরে সামনে এসেছে একটি বড় প্রশ্ন। আমরা কি ক্রমশ এমন এক সমাজে পরিণত হচ্ছি, যেখানে মানুষ জীবিত অবস্থাতেও একা থাকে, আর মৃত্যুর পরও একাকিত্বই তার শেষ পরিণতি হয়ে দাঁড়ায়?

    সমাজবিজ্ঞানীদের মতে, এটি কেবল তিনটি মৃত্যুর ঘটনা নয়। বরং এটি পারিবারিক বন্ধন, মানবিক দায়বোধ এবং সামাজিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে ভাবার একটি সতর্ক সংকেত। এই তিনটি মৃত্যু শুধু খবরের পাতায় থেমে থাকার মতো ঘটনা নয়। তারা যেন নীরবে দাঁড়িয়ে থাকা তিনটি সতর্ক চিহ্ন, যা শহরের ব্যস্ততার ভেতর দিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে।

    এখানে প্রশ্ন মৃত্যু নিয়ে নয়, বরং জীবনের ভেতরের সম্পর্ক নিয়ে। আমরা কি সত্যিই কাছাকাছি থাকছি, নাকি একই ছাদের নিচে থেকেও একে অপরের থেকে ক্রমশ অচেনা হয়ে যাচ্ছি? যে সমাজে মানুষ বেঁচে থেকেও অদৃশ্য হয়ে যায়, সেখানে সবচেয়ে বড় শূন্যতা হয়তো মৃত্যু নয়—অবহেলাই।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    বন্যায় বিধ্বস্ত ২১৩ কিলোমিটার সড়ক, মেরামতে লাগবে ৩৭৮ কোটি টাকা

    জুলাই 27, 2026
    অপরাধ

    ভুয়া প্রতিষ্ঠানের নামে ৪৭৫ কোটি টাকার ঋণ জালিয়াতি

    জুলাই 27, 2026
    বাংলাদেশ

    নতুন পে-স্কেল নিয়ে চাপের মুখে সরকার

    জুলাই 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.