স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ শাস্তির মুখোমুখি হবে। তিনি বলেন, সরকারের নির্দেশনা ও আইন অমান্য করে কেউ পার পাবে না। অনিয়ম ও অবহেলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আজ মঙ্গলবার সকালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের হাম চিকিৎসা প্রোটোকল ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আদ-দ্বীন হাসপাতালে নবজাতক ও শিশুদের জন্য নিরাপদ চিকিৎসা পরিবেশ নিশ্চিত করা যায়নি। সেখানে অক্সিজেন সরবরাহের জন্য ভেন্টিলেশন ব্যবস্থাও ছিল না। শ্বাসকষ্ট দেখা দিলেও কোনো চিকিৎসক দায়িত্বে ছিলেন না। ডাকলেও নার্সদের সাড়া পাওয়া যায়নি। তিনি আরও বলেন, অল্প সময়ের ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যু হওয়ায় ওই হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব। এ ধরনের ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না।
সাখাওয়াত হোসেন বলেন, আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত ভুল নয়। স্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম ও জবাবদিহিতার সংকট দূর করতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।
তিনি স্বাস্থ্যসেবা খাতে রোগীদের সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি চিকিৎসক ও নার্সদের সহযোগিতায় হাম রোগ প্রতিরোধে সরকারের অগ্রগতির কথা তুলে ধরেন। মন্ত্রী চিকিৎসকদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কে এম মজিবুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. হারুন-অর-রশীদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. শাহীন রহমান চৌধুরী এবং কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মেহেরুন নেসা। অনুষ্ঠানে কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফারহানা হক হাসপাতাল বিষয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন।

