তরলীকৃত পুনঃগ্যাসীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ কমে যাওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় আগামী চার দিন গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি—সব শ্রেণির গ্রাহকই এই সমস্যার মুখে পড়বেন।
আজ সোমবার (২২ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরবরাহ কমে যাওয়ার কারণে সোমবার রাত থেকে বৃহস্পতিবার (২৫ জুন) পর্যন্ত তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকবে। এতে সব ধরনের গ্রাহক পর্যায়ে স্বল্পচাপ দেখা দেবে।
পরিস্থিতি স্বাভাবিক হলে গ্যাস সরবরাহও আগের অবস্থায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করা হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

