৪৩তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়ায় আইনগত ত্রুটি ও স্বচ্ছতার ঘাটতির অভিযোগে ৬০ দিনের মধ্যে পুনরায় ফল প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, বিদ্যমান নিয়োগ প্রক্রিয়া আইন অনুযায়ী সম্পন্ন হয়নি। ফলে নতুন করে মেধাতালিকা প্রস্তুত করে স্বচ্ছ পদ্ধতিতে ফলাফল প্রকাশ করতে হবে।
বৃহস্পতিবার বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি উর্মি রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব। শুনানি শেষে তিনি সাংবাদিকদের জানান, ৪৩তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগ কার্যক্রমে আইনের যথাযথ অনুসরণ করা হয়নি এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা যায়নি বলে আদালত পর্যবেক্ষণ দিয়েছেন। এ কারণে আগামী ৬০ দিনের মধ্যে নতুন করে মেধাভিত্তিক তালিকা প্রস্তুত করে ফলাফল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, নন-ক্যাডার পদে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে ৪৫৫ জন চাকরিপ্রার্থী হাইকোর্টে রিট আবেদন করেছিলেন। ওই রিটের শুনানি শেষে আদালত এই আদেশ দেন।
সংশ্লিষ্টরা বলছেন, আদালতের এই নির্দেশ বাস্তবায়িত হলে ৪৩তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়ায় নতুন করে মূল্যায়ন ও ফলাফল প্রকাশের পথ তৈরি হবে। একই সঙ্গে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মেধা, স্বচ্ছতা ও আইনি প্রক্রিয়া অনুসরণের বিষয়টি আরও গুরুত্ব পাবে।
হাইকোর্টের এই আদেশে নিয়োগপ্রত্যাশীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। এখন আদালতের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কীভাবে পুনর্মূল্যায়ন ও ফল প্রকাশের প্রক্রিয়া সম্পন্ন করে, সেদিকেই সবার নজর।

