দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। প্রতি ভরিতে স্বর্ণের দাম কমানো হয়েছে ৩ হাজার ৩২৪ টাকা। কমার পর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের গহনার নতুন দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, গতকাল মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এর আগে সোমবার (২৯ জুন) ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, বুধবার (১ জুলাই) ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৯৬ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।
এর আগে সোমবার বাজারে ২২ ক্যারেট স্বর্ণ ভরিপ্রতি ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকায় বিক্রি হয়েছে। ২১ ক্যারেটে ছিল ২ লাখ ১৫ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেটে ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকায়।
বাজুস আরও জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দর দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। গয়নার ডিজাইন অনুযায়ী মজুরি যুক্ত হবে। পাশাপাশি স্বর্ণালংকারের বিক্রয় মূল্যের সঙ্গে মূল্য সংযোজন কর (ভ্যাট) অন্তর্ভুক্ত থাকবে, যা আলাদাভাবে দেখানো হবে না।

