রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর কলেজের দেয়াল ধসে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১টা ২৭ মিনিটের দিকে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ সংলগ্ন লাভ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের একটি দেয়ালের পাশে টিসিবির পণ্য বিতরণ করা হচ্ছিল। এ সময় কয়েকজন নারী লাইনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করে কলেজের প্রায় ৮ ফুট উঁচু দেয়ালটি ধসে তাদের ওপর পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান। পরে পঙ্গু হাসপাতালে একজন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়। আহত অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী রিয়াজুল ব্যাপারী জানান, তিনি কলেজের দেয়ালের অপর পাশে বসে চা খাচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে তাকিয়ে দেখেন দেয়ালটি ধসে পড়েছে। পরে আশপাশের লোকজন ইট ও ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আরিয়ান বলেন, কয়েক বছর আগে দেয়ালটি নির্মাণ করা হয়েছিল। বৃষ্টির কারণে দেয়াল দুর্বল হয়ে ধসে পড়তে পারে বলে ধারণা করছেন তিনি।
দুর্ঘটনার পর কলেজের অধ্যক্ষ বা উপাধ্যক্ষকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তারা আহতদের দেখতে হাসপাতালে গেছেন বলে জানা গেছে।

