জুলাই মাসে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবহারের নতুন মূল্য ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই)। নতুন ঘোষণার পরই জানা যাবে, চলতি মাসে এলপিজির দাম বাড়ছে নাকি কমছে।
বিইআরসির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরামকোর ঘোষিত সৌদি সিপির ভিত্তিতে জুলাই মাসের জন্য বেসরকারি খাতের এলপিজির নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে কমিশনের আনুষ্ঠানিক আদেশ বৃহস্পতিবার প্রকাশ করা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহীদ প্রকৌশলী ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত কমিশনের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন মূল্য ঘোষণা করা হবে। নতুন মূল্যসংক্রান্ত আদেশ কমিশনের নিজস্ব ওয়েবসাইটেও প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিইআরসি।
এর আগে গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়। তখন প্রতি লিটারের মূল্য ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়।

