রাজধানীর যানজট কমানো এবং গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে ঢাকার চারটি আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তরের উদ্যোগে গতি এসেছে। এ লক্ষ্যে বিকল্প বাস টার্মিনাল ও অস্থায়ী বাস ডিপোর জন্য সম্ভাব্য স্থান পরিদর্শন করেছে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল।
বুধবার বিকেলে শুরু হওয়া এ পরিদর্শনে পূর্বাচল ১৯ নম্বর সেক্টর, দিয়াবাড়ি, গাবতলী-সংলগ্ন চুনকুটিয়া, বাঘাইর-তেঘরিয়া আন্ডারপাস এলাকা, হাসনাবাদ (ইকুরিয়া), কাঁচপুর ও ফুলবাড়িয়া এলাকা ঘুরে দেখা হয়।
এর আগে গত ১৫ জুন রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নবিষয়ক এক সভায় ঢাকার চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পরিদর্শন শেষে উপযুক্ত স্থান নির্বাচন করে ধাপে ধাপে বাস টার্মিনাল স্থানান্তরের কাজ বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে রাজধানীর যানজট কমানো, আন্তঃজেলা বাস চলাচল আরও সুশৃঙ্খল করা এবং নগরবাসীর যাতায়াত ব্যবস্থা সহজ করাই সরকারের লক্ষ্য।

