ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে তিনি খামেনির বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করেন এবং শোক বইয়ে স্বাক্ষর করেন।
শনিবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্পিকার বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে ইরানের জনগণের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন। তিনি শোকসন্তপ্ত ইরানি জাতির প্রতি সংহতিও জানান।
সফরকালে স্পিকার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এর আগে শুক্রবার ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠকে হাফিজ উদ্দিন আহমদ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশের নিন্দা ও শোকবার্তার কথা তুলে ধরেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, স্পিকার খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাকে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
রাষ্ট্রীয় শেষ বিদায়ের অনুষ্ঠানে অংশ নিতে স্পিকার বৃহস্পতিবার তেহরানে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই।
সফরকালে ইরানের আইনসভার স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেন তিনি। ওই বৈঠকে বাংলাদেশ ও ইরানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সাংস্কৃতিক যোগাযোগ এবং দুই দেশের জনগণের ঐতিহাসিক বন্ধনের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

