চলতি অর্থবছরের বাজেট পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়িত হলে দেশের অর্থনীতি নতুন গতি পাবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে তিনি জানান, বাংলাদেশে বিদেশি বিনিয়োগের আগ্রহ ক্রমেই বাড়ছে এবং ভবিষ্যতে দেশটি আন্তর্জাতিক বিনিয়োগের গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত হতে পারে।
আজ শনিবার (৪ জুলাই) সকাল ১১টার দিকে চট্টগ্রাম নগরের বন্দর থানার ইশান মিস্ত্রি হাট সড়কের সংস্কারকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, সরকার চট্টগ্রামকে দেশের প্রধান লজিস্টিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পরিকল্পিতভাবে কাজ করছে। বন্দর, অর্থনৈতিক অঞ্চল এবং ফ্রি জোনগুলো পুরোপুরি চালু হলে এ অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রমে নতুন গতি সৃষ্টি হবে। এর ফলে চট্টগ্রামের সামগ্রিক চিত্রেও ইতিবাচক পরিবর্তন আসবে।
তিনি আরও বলেন, বাংলাদেশকে ঘিরে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। বিশেষ করে চীনের অনেক বিনিয়োগকারী দেশে বিনিয়োগ করতে আগ্রহী। তাদের জন্য প্রয়োজনীয় সহায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ চালিয়ে যাচ্ছে।
আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, চট্টগ্রামের আনোয়ারায় অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের জন্য যা যা প্রয়োজন, সরকার তা নিশ্চিত করবে। বিনিয়োগকারীদের প্রয়োজন অনুযায়ী জমি ও অবকাঠামোর ব্যবস্থাও করা হবে।
তিনি বলেন, একনেক সভায় চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন পেয়েছে। পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের কাজ সম্পন্ন করা হবে। অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বিস্তৃত হলে চট্টগ্রাম বাস্তব অর্থেই দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠা পাবে।
এর আগে অর্থমন্ত্রী ইশান মিস্ত্রি হাট সড়কের সংস্কারকাজ পরিদর্শন করেন। এ সময় তিনি দ্রুত কাজ শেষ করে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ কমানোর আশ্বাস দেন।
পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন এবং মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এম এ আজিজসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

