উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টিপাতের আশঙ্কা দেখা দিয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের শনিবার (৫ জুলাই) বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরিস্থিতির কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নিম্নচাপটি দুপুর ১২টার দিকে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১৫০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার থেকে ২৫০ কিলোমিটার পশ্চিমে, মোংলা থেকে ২৮৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৪০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে উপকূল অতিক্রম করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, নিম্নচাপ কেন্দ্রের আশপাশে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার পর্যন্ত এবং দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে তা ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ফলে সংশ্লিষ্ট এলাকায় সাগর উত্তাল অবস্থায় রয়েছে।
এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে ঝোড়ো হাওয়ার পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই উপকূলবাসী, জেলে এবং সমুদ্রগামী নৌযানগুলোকে সর্বশেষ আবহাওয়া বুলেটিন অনুসরণ করে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

