বাংলাদেশ হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফারুক আহমেদ। এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফারুক আহমেদের জন্ম ১৯৭১ সালের ২৯ জুলাই বগুড়ার একটি সম্ভ্রান্ত পরিবারে। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করেন।
প্রায় তিন দশকের চাকরি জীবনে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ফোর্সেস হেডকোয়ার্টার্স, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ পুলিশ একাডেমি, ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-তে দায়িত্ব পালনের পাশাপাশি জাতিসংঘের লাইবেরিয়া ও দারফুর শান্তিরক্ষা মিশনেও কাজ করেছেন।
এ ছাড়া মৌলভীবাজার ও কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। দেশের বিভিন্ন জেলা পুলিশেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সম্পন্ন করেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসনিক দক্ষতা, অপারেশন পরিচালনা এবং কৌশলগত পরিকল্পনায় ফারুক আহমেদ কর্মজীবনে উল্লেখযোগ্য সক্ষমতার পরিচয় দিয়েছেন। চলতি বছরের ৪ জুন তিনি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি পান।
পেশাগত উন্নয়নের অংশ হিসেবে তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও অভিজ্ঞতা বিনিময় কর্মসূচিতে অংশ নিয়েছেন। ভারত, চীন ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক মানের পুলিশিং বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন।
পুলিশ সদর দপ্তরের প্রত্যাশা, হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণের ফলে দেশের মহাসড়কে প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনবান্ধব পুলিশি সেবা আরও কার্যকর হবে।

