দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৯২ শিশু হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১৭৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ৮১৯ জনের মধ্যে রোগের উপসর্গ দেখা গেছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ঢাকায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে ৭৪২ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৪৯ শিশু। এছাড়া পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর আরও ৯৩ শিশুর মৃত্যু হয়েছে।
১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৭ হাজার ৩৮৪ শিশুর। একই সময়ে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ১২ হাজার ৯৬৪ জনের। সব মিলিয়ে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২০ হাজার ৩৪৮ জনে।
এদিকে আক্রান্তদের মধ্যে ৯০ হাজার ৫২২ শিশুকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে এখন পর্যন্ত হাসপাতাল ছেড়েছে ৮৬ হাজার ৮৪৪ শিশু।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের বিস্তার নিয়ন্ত্রণে শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করা, আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং জনসচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি।

