বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার (১০ জুলাই) দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ১৪ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সকাল ৫টায় প্রকাশিত অভ্যন্তরীণ নদীবন্দর পূর্বাভাস অনুযায়ী, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এসব এলাকায় অস্থায়ীভাবে ভারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এ ছাড়া দেশের অন্যান্য নদীবন্দরগুলোকেও ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রাখতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

