আজ ১০ জুলাই প্রখ্যাত ভাষাবিদ, শিক্ষাবিদ ও দার্শনিক ড. মুহম্মদ শহীদুল্লাহর জন্মবার্ষিকী। ১৮৮৫ সালের এই দিনে তিনি তৎকালীন অবিভক্ত ভারতের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন।
শিক্ষাজীবনে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ, সিটি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। পরে ১৯২৮ সালে ফ্রান্সের সরবোন বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ভাষাতত্ত্বে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
ড. শহীদুল্লাহ ছিলেন বাংলা ভাষা ও সাহিত্যের একজন অগ্রগণ্য গবেষক। তিনি প্রায় ২৪টি ভাষায় দক্ষতা অর্জন করেছিলেন, যার মধ্যে অন্তত ১৮টি ভাষায় ছিল উল্লেখযোগ্য পাণ্ডিত্য। বাংলা ভাষা, সাহিত্য ও ভাষাতত্ত্বে তার গবেষণা আজও সমানভাবে মূল্যায়িত।
তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত, বাংলা ভাষার ব্যাকরণ, বাংলা সাহিত্যের কথা, ব্যাকরণ পরিচয় এবং বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান।
১৯৬৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম এমেরিটাস অধ্যাপক হন। একই বছর ফ্রান্স সরকার তাকে নাইট অব দ্য অর্ডার অব আর্টস অ্যান্ড লেটার্স সম্মানে ভূষিত করে। ১৯৮০ সালে বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর স্বাধীনতা পদক প্রদান করে।
১৯৬৯ সালের ১৩ জুলাই তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। ভাষা ও সাহিত্যে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের নাম তার নামে নামকরণ করা হয়েছে।
জন্মবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠান গভীর শ্রদ্ধার সঙ্গে এই মহান ভাষাবিদকে স্মরণ করছে।

