এশিয়ার প্রভাবশালী করপোরেট নেতৃত্বের স্বীকৃতি হিসেবে ‘এশিয়া প্রেস্টিজ ফিফটি আন্ডার ফিফটি সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’-এ ‘এশিয়া ইমপ্যাক্টফুল অ্যান্ড ইনফ্লুয়েনশিয়াল সিইও অব দ্য ইয়ার’ সম্মাননায় ভূষিত হয়েছেন ইলেক্ট্রো মার্ট গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নুরুল আফছার।
রোববার ইলেক্ট্রো মার্ট গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, সম্প্রতি কম্বোডিয়ার রাজধানী নমপেনে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এশিয়া প্রেস্টিজ ফিফটি আন্ডার ফিফটি সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড এশিয়ার তরুণ, দূরদর্শী ও উদ্ভাবনী নেতৃত্বের স্বীকৃতি হিসেবে বিবেচিত একটি মর্যাদাপূর্ণ সম্মাননা। প্রতিবছর এশিয়া অঞ্চলের অর্থনীতি, ব্যবসা ও উদ্ভাবনে উল্লেখযোগ্য অবদান রাখা ৫০ জন করপোরেট প্রধানকে এই পুরস্কারের মাধ্যমে সম্মানিত করা হয়।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এই উদ্যোগের লক্ষ্য হলো ৫০ বছরের কম বয়সী উদ্যোক্তা, ব্যবসায়ী ও সিইওদের নেতৃত্বের সক্ষমতা, প্রতিকূলতা মোকাবিলার দক্ষতা এবং টেকসই উন্নয়নে তাঁদের অবদান আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা। এবারের আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন কম্বোডিয়ার শিল্প, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনমন্ত্রী হেম ভান্দি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, তিন দশকেরও বেশি সময়ের কর্মজীবনে মো. নুরুল আফছার উদ্ভাবন, অংশগ্রহণমূলক নেতৃত্ব এবং উন্নয়নমুখী নানা উদ্যোগের মাধ্যমে ইলেক্ট্রো মার্ট গ্রুপের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পাশাপাশি দেশের ইলেকট্রনিকস শিল্পের অগ্রগতিতেও তাঁর অবদান উল্লেখযোগ্য বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।

