চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ইমন, যিনি ‘ডেভিড ইমন’ নামে পরিচিত, তাকে গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিশ। আজ মঙ্গলবার (১৪ জুলাই) ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার রাত পর্যন্ত অভিযানে পুলিশ ইমনের অবস্থান শনাক্তের চেষ্টা চালিয়ে গেলেও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অভিযানের শুরুতে ইমনের পরিবারের কয়েকজনের মোবাইল ফোন জব্দ করে তথ্য সংগ্রহ করা হয়। পরে সেই তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, ফটিকছড়ির কাঞ্চননগরের বাসিন্দা ডেভিড ইমন বিদেশে পলাতক ও ইন্টারপোলের তালিকাভুক্ত সন্ত্রাসী সাজ্জাদ আলীর (বড় সাজ্জাদ) ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে তিনি চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠানের কাছে চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।
তার বিরুদ্ধে ২০২৫ সালের বাকলিয়া এলাকার জোড়া হত্যাকাণ্ড, পতেঙ্গায় ঢাকাইয়া আকবর হত্যা মামলাসহ একাধিক ফৌজদারি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্প্রতি নগরের চকবাজারে অবস্থিত ‘ডিজিটাল ডট নেট (ডিডিএন)’ নামের একটি ইন্টারনেট গেটওয়ে প্রতিষ্ঠানের মালিকের কাছে বিদেশি নম্বর থেকে ফোন করে এককালীন ২ কোটি টাকা এবং মাসিক ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। অভিযোগ অনুযায়ী, এই দাবির সঙ্গে ডেভিড ইমনের সংশ্লিষ্টতা রয়েছে।
চাঁদা দিতে অস্বীকৃতি জানানো হলে সোমবার (১৩ জুলাই) ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দল প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা চালায়। হামলাকারীরা ব্যাপক ভাঙচুরের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের বেতনের জন্য রাখা প্রায় ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
ঘটনার অডিও রেকর্ড ও সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এর পরই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডেভিড ইমনকে গ্রেপ্তারের লক্ষ্যে ফটিকছড়িতে বিশেষ অভিযান শুরু করে জেলা পুলিশ।

