শিল্পখাতের চাহিদার সঙ্গে শিক্ষার্থীদের দক্ষতা আরও সমন্বিত করতে নতুন একাডেমিক উদ্যোগ নিয়েছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। বিশ্ববিদ্যালয়টির স্কুল অব বিজনেস অ্যান্ড অন্ট্রপ্রনারশিপের ডিপার্টমেন্ট অব জেনারেল ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ মেজর চালু করেছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ডিএমকে লেকচার গ্যালারিতে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মেজর: বিল্ডিং অ্যাকাডেমিয়া অ্যান্ড ইন্ডাস্ট্রি’ শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন। এছাড়া বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ম. তামিম এবং স্কুল অব বিজনেস অ্যান্ড অন্ট্রপ্রনারশিপের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. রাইসুল আওয়াল মাহমুদ।
উদ্বোধনী আয়োজনের গুরুত্বপূর্ণ অংশ ছিল একটি প্যানেল আলোচনা, যেখানে একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে সেতুবন্ধন তৈরির বিভিন্ন দিক তুলে ধরা হয়। আলোচনা পরিচালনা করেন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ এবং ডিপার্টমেন্ট অব জেনারেল ম্যানেজমেন্টের প্রধান অধ্যাপক ড. মো. মামুন হাবিব।
প্যানেল আলোচনায় দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। এতে বক্তব্য রাখেন রহিম আফরোজের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়াজ রহিম, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদ, আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের পরিচালক মির্জা সজিব রায়হান এবং বিশ্বব্যাংকের পার্টনার ড. মো. মাহবুব আলম।
আলোচনায় অংশগ্রহণকারীরা শিল্পখাতের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, দক্ষ মানবসম্পদ তৈরির প্রয়োজনীয়তা এবং আধুনিক সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় উচ্চশিক্ষার ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে অতিথিদের প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আইইউবির উপ-উপাচার্য অধ্যাপক ড. ড্যানিয়েল ডব্লিউ. লুন্ড সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

