বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখার আগ্রহই শেষ পর্যন্ত প্রাণঘাতী হয়ে উঠল এক আর্জেন্টিনা সমর্থকের জন্য। সাপের কামড়ে আহত হওয়ার পরও তাৎক্ষণিক চিকিৎসা না নিয়ে খেলা দেখতে থাকায় রংপুরের মিঠাপুকুর উপজেলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (১৯ জুলাই) রাতে উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান (৬০) ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখতে বাড়ি থেকে মেঠোপথ ধরে যাওয়ার সময় হাবিবুর রহমানকে একটি সাপ কামড় দেয়। তবে বিষয়টিকে গুরুত্ব না দিয়ে তিনি চিকিৎসা নেওয়ার পরিবর্তে সরাসরি খেলা দেখতে চলে যান।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রায় এক ঘণ্টা ধরে খেলা দেখার পর তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তখন তিনি আশপাশের লোকজনকে জানান যে, তাকে সাপে কামড় দিয়েছে।
পরে স্বজন ও স্থানীয়রা দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা অ্যান্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসা দিলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
নিহতের ভাগনে জিল্লুর রহমান জানান, সাপে কামড়ানোর পর দ্রুত হাসপাতালে নেওয়া হলে হয়তো পরিস্থিতি ভিন্ন হতে পারত। চিকিৎসা নিতে বিলম্ব হওয়ায় তার মামার মৃত্যু হয়েছে। তিনি আর্জেন্টিনা ফুটবল দলের একজন নিবেদিত সমর্থক ছিলেন এবং ফাইনাল ম্যাচ দেখার জন্যই চিকিৎসা নিতে দেরি করেছিলেন।
চিকিৎসকরা বলছেন, সাপের কামড়ের পর সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি। বিশেষ করে বিষধর সাপের কামড়ের ক্ষেত্রে দ্রুত অ্যান্টিভেনম প্রয়োগ রোগীর জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এমন পরিস্থিতিতে কোনোভাবেই দেরি না করে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

