হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল আলোচিত থার্ড টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে যাচ্ছে জাপানি একটি কনসোর্টিয়াম। আগামী আগস্টের শেষ সপ্তাহ অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
সোমবার (২০ জুলাই) বেবিচক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্থাটির সদস্য (পরিচালন ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহ্বুব খান এ তথ্য জানান। তিনি বলেন, চুক্তি অনুযায়ী জাপানি কনসোর্টিয়াম শুধু শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনা করবে। বিমানবন্দরের প্রথম ও দ্বিতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব তাদের দেওয়া হবে না। এ সময় বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক উপস্থিত ছিলেন।
থার্ড টার্মিনালের উদ্বোধনের প্রস্তুতি নিয়েও কথা বলেন বেবিচক চেয়ারম্যান। তিনি জানান, টার্মিনালের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ১৬ ডিসেম্বর এটি উদ্বোধনের চেষ্টা করা হচ্ছে। তবে উদ্বোধনের আগে জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে পরিচালন চুক্তি সম্পন্ন করা হবে। এরপরই টার্মিনাল চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ড্রোন ব্যবহারের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছে বেবিচক। সংস্থাটি জানিয়েছে, দেশের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এই স্থাপনায় অনুমোদন ছাড়া ড্রোন উড়ানো বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বেবিচকের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে বিমানবন্দর এলাকায় ড্রোন ব্যবহারের আগে বিদ্যমান নীতিমালা ও বিধিবিধান সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

