দেশের সব গণপরিবহনে আগামী ১ আগস্ট থেকে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে। জিপিএস না থাকলে নতুন রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে না।
মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা এবং গণপরিবহন ব্যবস্থায় আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপন অনুযায়ী ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস সংযুক্ত ও কার্যকর রাখা বাধ্যতামূলক হবে।
বিআরটিএ জানিয়েছে, নতুন রেজিস্ট্রেশন এবং ফিটনেস সনদ নবায়নের সময় জিপিএস সংযোজনের প্রমাণপত্র সংশ্লিষ্ট কার্যালয়ে জমা দিতে হবে। পাশাপাশি মোবাইল অ্যাপে জিপিএস ডিভাইসটির কার্যকারিতাও প্রদর্শন করতে হবে।
সংস্থাটি আরও জানিয়েছে, জিপিএস ডিভাইসের কারিগরি বিবরণ বা স্পেসিফিকেশন বিআরটিএর স্থানীয় কার্যালয় অথবা সংস্থাটির ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।
বিআরটিএ বলছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী সংশ্লিষ্ট গণপরিবহনে জিপিএস সংযুক্ত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন দেওয়া এবং ফিটনেস সনদ নবায়ন করা হবে।
এ বিষয়ে সব পরিবহন মালিক ও প্রতিনিধিদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং নতুন নির্দেশনা বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে বিআরটিএ।

