বিভিন্ন গণমাধ্যমে ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হচ্ছেন’—এমন খবর প্রকাশিত হলেও তা গুজব বলে উড়িয়ে দিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৮ জুলাই) ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক মাদকবিরোধী সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে প্রকাশিত সংবাদের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এ ধরনের খবরের কোনো ভিত্তি নেই। এটি কেবল গুজব।
এ সময় তিনি মাদকবিরোধী কার্যক্রম নিয়ে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন। মাদক প্রতিরোধে প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দল, গণমাধ্যম এবং সাধারণ মানুষকে সম্পৃক্ত করে ঠাকুরগাঁওয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, স্কুল-কলেজ, রাজনৈতিক সংগঠন এবং সাংবাদিকদের অংশগ্রহণে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হবে। এ উদ্যোগকে শুধু প্রশাসনিক কার্যক্রম নয়, বরং একটি সামাজিক আন্দোলনে পরিণত করাই সরকারের লক্ষ্য।
মাদক নির্মূলে কেবল আইন প্রয়োগ যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, শুধু আইন বা শাস্তির মাধ্যমে মাদকের বিস্তার রোধ করা সম্ভব নয়; এর জন্য সামাজিক সচেতনতা গড়ে তোলাই সবচেয়ে কার্যকর উপায়।
তিনি আরও বলেন, ঠাকুরগাঁওয়ে নেওয়া উদ্যোগগুলো ইতিবাচক ফল বয়ে আনবে বলে তিনি আশাবাদী।
সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে যে, মাদক সমাজ ও ব্যক্তিজীবনের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং এর ব্যবহার থেকে সবাইকে বিরত থাকতে হবে।

