দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সেলিম রায়হান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের নতুন সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
গতকাল সোমবার অনুষ্ঠিত টিআইবির ট্রাস্টি বোর্ডের ১২৮তম সভায় তিনি প্রথমবারের মতো সদস্য হিসেবে অংশ নেন। আগামী তিন বছর তিনি সংস্থাটির ট্রাস্টি বোর্ডে দায়িত্ব পালন করবেন।
ড. সেলিম রায়হান বর্তমানে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)-এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন।
আন্তর্জাতিক অঙ্গনেও তাঁর রয়েছে গুরুত্বপূর্ণ সম্পৃক্ততা। তিনি বর্তমানে গ্লোবাল ডেভেলপমেন্ট নেটওয়ার্কের পরিচালনা পর্ষদের সদস্য। পাশাপাশি ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারের সম্মানসূচক সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে যুক্ত আছেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ‘কাটিং এজ অব ডেভেলপমেন্ট থিঙ্কিং’ কর্মসূচিরও একজন অ্যালামনাই তিনি।
টিআইবির প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংস্থাটির ট্রাস্টি বোর্ডই সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। বর্তমানে বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মানবাধিকারকর্মী এবং ভাসমান হাসপাতাল ‘জীবন তরী’র উদ্যোক্তা মনসুর আহমেদ চৌধুরী। কোষাধ্যক্ষের দায়িত্বে রয়েছেন দ্য ডেইলি স্টারের প্রকাশক ও সম্পাদক মাহফুজ আনাম।
এ ছাড়া ট্রাস্টি বোর্ডের অন্য সদস্যরা হলেন অ্যাডভোকেট সুস্মিতা চাকমা, ফিলিপ গাইন, বনশ্রী পাল, ফারুক আহমেদ, তাহেরা ইয়াসমিন এবং ব্যারিস্টার মনজুর হাসান।

