মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ৯ সদস্যের নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। নতুন কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে জানানো হয়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ১৩ ধারার বিধান অনুযায়ী ট্রাস্টের নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে।
পুনর্গঠিত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী এবং নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।
এ ছাড়া অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদাধিকারবলে নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, পুনর্গঠিত নির্বাহী কমিটি ট্রাস্টের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে তদারকি এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সরকারের আশা, নতুন কমিটির নেতৃত্বে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের উন্নয়নমূলক ও সেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে এবং মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য গৃহীত বিভিন্ন কর্মসূচির বাস্তবায়নে গতি আসবে।

