প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তাকে দুই দফা ফোন করে ‘সব ফাঁস করে দেবো’ বলে হুমকি দিয়েছেন।
শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন রাশেদ খাঁন।
ফেসবুক পোস্টে তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে নাসীরুদ্দীন পাটওয়ারী তাকে ফোন করে তার বিরুদ্ধে আর বক্তব্য না দেওয়ার অনুরোধ করেন। বিনিময়ে তিনিও রাশেদ খাঁনের বিরুদ্ধে কিছু বলবেন না বলে আশ্বাস দেন।
রাশেদ খাঁনের ভাষ্য অনুযায়ী, তিনি নাসীরুদ্দীনকে বলেন, প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর সহধর্মিণী, কন্যা ও মন্ত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা বন্ধ করলে তিনি বিষয়টি বিবেচনা করবেন। জবাবে নাসীরুদ্দীন নাকি বলেন, তিনি এ বিষয়ে সেদিনই গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন এবং ভবিষ্যতে এমন মন্তব্য করবেন না।
রাশেদ খাঁন আরও দাবি করেন, একই দিন রাতে নাসীরুদ্দীন আবার ফোন করেন। তখন তিনি বলেন, “আপনি তো আমার বিরুদ্ধে বলেছেন। আমি কিন্তু সব বলে দেবো। নাহিদ-আসিফের কাছ থেকে আপনি পাঁচ লাখ করে টাকা নিয়ে যেতেন। আমি সব ফাঁস করে দেবো।”
পোস্টে রাশেদ খাঁন জানান, জবাবে তিনি নাসীরুদ্দীনকে বলেন, “যা আছে, সব ফাঁস করে দাও।”
তার দাবি, এরপর নাসীরুদ্দীন বলেন, তিনি একটি ফ্ল্যাট কিনেছেন এবং সেই সংক্রান্ত সব নথি তার কাছে রয়েছে। এছাড়া এসব অভিযোগ থেকে বাঁচতেই তিনি বিএনপিতে যোগ দিয়েছেন বলেও মন্তব্য করেন।
এর জবাবে রাশেদ খাঁন লিখেছেন, “আমার কোনো ফ্ল্যাট নেই। আর নাহিদ-আসিফের কাছ থেকে কোনোদিন এক টাকাও নিইনি। আমার সম্পর্কে তোমার কাছে যা তথ্য আছে, সব প্রকাশ করে দাও।”
পোস্টের শেষাংশে রাশেদ খাঁন উল্লেখ করেন, প্রথম ফোন পাওয়ার পর তিনি ভেবেছিলেন নাসীরুদ্দীন হয়তো নিজের ভুল উপলব্ধি করেছেন এবং তাকে একটি সুযোগ দেওয়া যেতে পারে। তবে পরদিনই তিনি আবার আগের মতো বিভিন্ন মন্তব্য করতে শুরু করেছেন বলে অভিযোগ করেন।
এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

