বাংলাদেশের শিল্প খাত বর্তমানে কঠিন সময় পার করছে। জ্বালানি সংকট ও বৈশ্বিক বাজারে জ্বালানির উচ্চমূল্যের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে শিল্প উদ্যোক্তারা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক ড. ইজাজ হোসেন।
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে একটি সংলাপে তিনি বলেন, জ্বালানি খাতের সংকট এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, সাময়িক বা স্বল্পমেয়াদি কোনো সমাধান দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব নয়। দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া এ সংকট কাটিয়ে ওঠা কঠিন হবে।
‘জ্বালানি খাতে সংকট: উত্তরণে করণীয়’ শীর্ষক ওই সংলাপের আয়োজন করে দৈনিক সমকাল। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
ড. ইজাজ হোসেন বলেন, শিল্প খাতের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। একদিকে আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি, অন্যদিকে দেশের অভ্যন্তরীণ উৎপাদন সক্ষমতার সীমাবদ্ধতা—এই দুই কারণে শিল্প প্রতিষ্ঠানগুলো বড় চাপের মুখে পড়েছে।
তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ শিল্পায়ন কৌশল নতুনভাবে ভাবতে হবে। বিশেষ করে টেক্সটাইল, সিমেন্ট ও স্টিলের মতো উচ্চ জ্বালানিনির্ভর শিল্পগুলো বর্তমান বাস্তবতায় কীভাবে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখবে, তা নিয়ে এখন থেকেই কার্যকর পরিকল্পনা গ্রহণ জরুরি।
ড. ইজাজের মতে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হলে শিল্প খাতের টেকসই প্রবৃদ্ধি অর্জন কঠিন হয়ে পড়বে। তাই দীর্ঘমেয়াদি ও বাস্তবভিত্তিক নীতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

