বাংলাদেশে ভারতীয় ভিসা ও কনস্যুলার সেবার নামে প্রতারণামূলক তৎপরতা বাড়ছে বলে সতর্কবার্তা দিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন। সাধারণ মানুষকে ফোন, হোয়াটসঅ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যম বা ই-মেইলে আসা সন্দেহজনক প্রস্তাব সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
হাইকমিশন জানিয়েছে, কিছু প্রতারক নিজেদের ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে। তারা অর্থের বিনিময়ে ভিসা পাইয়ে দেওয়া, দ্রুত ভিসা অনুমোদন বা অন্যান্য কনস্যুলার সেবা দেওয়ার মিথ্যা আশ্বাস দিচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বার্তায় হাইকমিশন স্পষ্ট করেছে, তাদের কোনো কর্মকর্তা কখনোই ব্যক্তিগতভাবে ফোন, হোয়াটসঅ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যম বা ই-মেইলের মাধ্যমে ভিসা দেওয়ার প্রস্তাব দেন না এবং কোনো ধরনের অর্থও দাবি করেন না। সব ভিসা আবেদন নির্ধারিত সরকারি প্রক্রিয়াতেই নিষ্পত্তি করা হয়।
সন্দেহজনক ফোনকল, বার্তা বা প্রস্তাব পেলে কোনো অর্থ লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যাংক তথ্য, পাসপোর্টের কপি, ওটিপি বা অন্য কোনো ব্যক্তিগত ও আর্থিক তথ্য অপরিচিত ব্যক্তির কাছে না দেওয়ার আহ্বান জানিয়েছে হাইকমিশন।
কেউ এ ধরনের প্রতারণার শিকার হলে বা এমন কোনো প্রচেষ্টার মুখোমুখি হলে দ্রুত বিষয়টি হাইকমিশনকে জানাতে বলা হয়েছে। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ফোন নম্বর, স্ক্রিনশট ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য visa.dhaka@mea.gov.in ঠিকানায় পাঠানোর অনুরোধ করা হয়েছে।
ভারতীয় হাইকমিশন আরও বলেছে, শুধু নিজে সতর্ক থাকলেই হবে না, পরিবার-পরিজন ও পরিচিতদের মধ্যেও এ বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়া জরুরি। বিশেষ করে অনলাইনে ভিসা সংক্রান্ত বিজ্ঞাপন, দ্রুত ভিসার প্রতিশ্রুতি বা অস্বাভাবিক অর্থ দাবির ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

