দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ভারত সফরে যেতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে দুই দিনের এই সফর অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। নয়াদিল্লি ও ঢাকা—উভয় পক্ষের সূত্র উদ্ধৃত করে এই তথ্য প্রকাশ করেছে গণমাধ্যমটি।
প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই নয়াদিল্লি সফর যদি পরিকল্পনামাফিক সম্পন্ন হয়, তাহলে এটিই হবে তাঁর প্রথম ভারত সফর—যা দুই প্রতিবেশী দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মুহূর্ত হিসেবে বিবেচিত হতে পারে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি বৈঠকে বসার কথা রয়েছে তারেক রহমানের। এই বৈঠকে বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা, জ্বালানি সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা এবং আঞ্চলিক নিরাপত্তার মতো একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দুই দিনের এই সফরকে একটি পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক কর্মসূচি হিসেবেই সাজানো হচ্ছে। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে জানা গেছে, সফরের বিস্তারিত সময়সূচি এখনো চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার অল্প কিছুদিনের মধ্যেই ভারতের পক্ষ থেকে তারেক রহমানকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল। এছাড়া আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনেও বাংলাদেশকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে ভারত।
সবমিলিয়ে আসন্ন এই সফরকে দুই দেশের মধ্যকার সম্পর্ক পুনর্নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা।

