নবম পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা সরকারের অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হচ্ছে। এ সংক্রান্ত সচিব কমিটি ইতিমধ্যে খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে।
খসড়া প্রস্তাবে নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ বাড়ানোর সুপারিশ করা হয়েছে। অর্থ বিভাগ প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে আগামী সপ্তাহের মধ্যে মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি উপস্থাপন করবে।
তবে কমিটি সূত্র জানিয়েছে, সব গ্রেডে একই হারে বেতন বাড়ানো হবে না। গ্রেডভেদে বেতন বৃদ্ধির হার কিছুটা কম-বেশি হতে পারে। নাম প্রকাশ না করার শর্তে সচিব কমিটির এক সদস্য বলেন, বেতন বৃদ্ধির প্রস্তাব থাকলেও এটি কত ধাপে বাস্তবায়ন করা হবে, সেই সিদ্ধান্ত মন্ত্রিসভাই চূড়ান্ত করবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন ধাপে ধাপে না বাড়িয়ে একবারেই ১০০ শতাংশ বাড়ানো উচিত। অন্যদিকে উচ্চ গ্রেডের চাকরিজীবীদের ক্ষেত্রে বেতন বৃদ্ধির বিষয়টি ধাপে ধাপে বাস্তবায়ন করা যেতে পারে।

