রাজধানীর উত্তরায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, নগদ টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) রাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এ তথ্য জানিয়েছে।
ডিএমপি জানায়, বিশেষ অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাইয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে।
তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেনি ডিএমপি। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে শনিবার (১৫ আগস্ট) সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
এর আগে রোববার (৯ আগস্ট) সকালে রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাই হয়। তিনটি মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত টাকা বহনকারী গাড়ির পথরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় তারা।
ঘটনার পর বিমানবন্দর থানায় মামলা করা হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট ছিনতাইয়ের ঘটনাটি তদন্ত শুরু করে।

