রাজধানীতে নারীদের জন্য চালু হওয়া বিশেষ ‘পিংক বাস’ সেবার একটি দোতলা বাস ফ্লাইওভারে ওঠানোর সময় বিপাকে পড়েন নারী চালক। পরে বাসটি নিরাপদে ফ্লাইওভারে তুলতে সহায়তায় এগিয়ে আসেন একজন পুরুষ চালক।
আজ বুধবার (১৯ আগস্ট) দুপুরে রাজধানীর শাহজাহানপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, শাহজাহানপুরে ফ্লাইওভারে ওঠার সময় ঢাল বেয়ে দোতলা বাসটি ওপরে তুলতে ব্যর্থ হন নারী চালক। একপর্যায়ে তিনি বাসটি থামিয়ে দেন। এ সময় সড়কে বড় ধরনের যানজট বা কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কায় সহায়তার জন্য এগিয়ে আসেন একজন পুরুষ চালক।
পরে তাঁর সহায়তায় বাসটি নিরাপদে ফ্লাইওভারে ওঠানো সম্ভব হয়। ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য এলাকায় কৌতূহল তৈরি হলেও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। বাসে থাকা নারী যাত্রীদের মধ্যেও কিছুটা উৎকণ্ঠা দেখা দেয়। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
এদিকে নারীদের জন্য চালু করা এই বিশেষ বাসসেবায় উদ্বোধনের পর থেকেই যাত্রীসংখ্যা নিয়ে ভিন্ন চিত্র দেখা গেছে। মতিঝিল থেকে মিরপুর-১০ অভিমুখী গোলাপি রঙের দোতলা বাসটিতে যাত্রী ছিলেন হাতে গোনা কয়েকজন। বাসটির ওপরের তলা ছিল পুরোপুরি ফাঁকা। নিচের তলায় ছিলেন মাত্র দুজন নারী যাত্রী।
মতিঝিল থেকে এলিফ্যান্ট রোড পর্যন্ত বাসটিতে ওই দুজন নারী যাত্রীই ছিলেন। পরে সায়েন্স ল্যাব মোড়ে একজন শিক্ষার্থী বাসটিতে ওঠেন।
নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারীদের পরিচালনায় মঙ্গলবার (১৮ আগস্ট) ‘পিংক বাস’ সেবা চালু করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) এই ব্যতিক্রমী উদ্যোগ দেশজুড়ে বেশ সাড়া ফেলেছে।

