দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। আজ সোমবার দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের আট জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা ও আশপাশের এলাকার জন্যও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার পাশাপাশি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। বৃষ্টির প্রভাবে দিনের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে।
সোমবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। এর আগের দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৫ মিলিমিটার বৃষ্টিও হয়েছে।
এর আগে রোববার সন্ধ্যায় দেওয়া ২৪ ঘণ্টার পূর্বাভাসেও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির আভাস দেওয়া হয়েছিল। পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এ ছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। বৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

