মক্কা ডিফেন্স প্যাক্ট বা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি বলেও জানান তিনি।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির বলেন, ‘মক্কা ডিফেন্স প্যাক্ট নিয়ে তো আমরা আগ্রহ প্রকাশ করছি। তবে এ বিষয়ে কোনো ডেভেলপমেন্ট নেই।’
বাংলাদেশের বর্তমান অবস্থান তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ এখন ‘ইজ আ কান্ট্রি অব রেকগনিশন’ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্টেকহোল্ডার ও বৈশ্বিক মুসলিম বিশ্বের বিভিন্ন অংশীজনের মধ্যে বাংলাদেশের নেতৃত্বের প্রতি আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিভিন্ন পক্ষ বাংলাদেশকে বিভিন্ন স্থানে আমন্ত্রণ জানাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এখন ইজ আ কান্ট্রি অব রেকগনিশন এবং একটা আগ্রহ আছে, যারা মিডল ইস্টের (মধ্যপ্রাচ্যের) স্টেকহোল্ডার আছেন, গ্লোবালি যারা মুসলিম ওয়ার্ল্ডে… বিভিন্ন কি স্টেকহোল্ডারস… এখন বাংলাদেশের লিডারশিপ, পার্টিকুলারলি অনারেবল প্রাইম মিনিস্টার তারেক রহমানের লিডারশিপে, তারা অনেক জায়গায় আমন্ত্রণ জানাচ্ছেন টু কাম অ্যান্ড পার্টিসিপেট (আসতে ও অংশগ্রহণ করতে)।’
মক্কার সঙ্গে বাংলাদেশের মানুষের আবেগের সম্পর্কের কথাও তুলে ধরেন হুমায়ুন কবির। তিনি বলেন, মক্কা সব সময়ই বাংলাদেশের মানুষের হৃদয়ে আলাদা একটি স্থান দখল করে আছে।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে যদি ইসলামিক দেশগুলোর মধ্যে কোনো ধরনের নিরাপত্তা চুক্তি হয় তাহলে সেখানে বাংলাদেশের অংশগ্রহণ অস্বাভাবিক কিছু হবে না। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি।
হুমায়ুন কবির বলেন, ‘মক্কা নিয়ে তো সব সময়ই একটা আলাদা জায়গা বাংলাদেশের মানুষের হৃদয়ে আছে। সেখানে মিডল ইস্টে একটা মানে যদি হয়… এমনও হয় যে ইসলামিক নেশনসদের মধ্যে একটা সিকিউরিটি প্যাক্ট হয়, তাহলে সেখানে তো আর অস্বাভাবিক না যাওয়া। সো, লেটস সি, ইটস বিয়িং ভিউড পজিটিভলি।’
তবে মক্কা ডিফেন্স প্যাক্ট নিয়ে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করলেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি বলে আবারও স্পষ্ট করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

